গ্যাসের দাবিতে জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৫:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে জামালপুর শহরের বাইপাস এলাকায় এ অবরোধ চলছে। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
গ্যাসের সংকটের কারণে অটোরিকশা চালাতে না পারা এবং দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ করেছেন চালকেরা। তাঁদের দাবি, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় গ্যাস না পাওয়ায় আয় কমে গেছে। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেছেন।
অবরোধের কারণে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। পরিস্থিতির কারণে কেউ কেউ যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন।
অটোরিকশাচালক মামুন বলেন, তিনি রাত ১২টা থেকে গ্যাসের জন্য লাইনে অপেক্ষা করছেন। কিন্তু সকাল পর্যন্ত গ্যাস পাননি। তাঁর ভাষ্য, তাঁরা ভাড়ায় গাড়ি চালান। গ্যাস না পেলে গাড়ি চালিয়ে আয় করা সম্ভব নয়। এ কারণে অন্য চালকদের সঙ্গে নিয়ে তাঁরা সড়ক অবরোধ করেছেন।
আরেক চালক রমজান অভিযোগ করেন, নির্দিষ্ট কিছু গাড়িকে গ্যাস দেওয়া হলেও সাধারণ চালকেরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। তাঁদের জন্য বিকল্প একটি গ্যাস পাম্পের ব্যবস্থা করা অথবা সমস্যার সমাধানে সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হলে তাঁরা অবরোধ তুলে নেবেন বলে জানান তিনি।
চালকদের অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে কর্মস্থলগামী মানুষ, দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন শ্রেণির মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
১৩৮ বার পড়া হয়েছে