রূপসায় ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা
বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৪:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনার রূপসা উপজেলায় একটি ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তাঁর দুটি মেয়ে রয়েছে।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের পরিবারের। ইটভাটায় বিভিন্ন সময়ে চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারা দিতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার ভেতরে ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, রাত একটার দিকে কয়েকজন ব্যক্তি ইটভাটার ভেতরে প্রবেশ করে ফখরুলকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন সেখানে গিয়ে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফখরুলকে হত্যার পেছনে পূর্ববিরোধ, রাজনৈতিক বিরোধ, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বা হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি।
১৪৪ বার পড়া হয়েছে