কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে আজিবর রহমান নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার দিবাগত মধ্যরাতে অসাবধানতাবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফের হাতে আটক হন তিনি।
সীমান্ত এলাকা ও বিজিবি সূত্র জানায়, শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল মিয়ার ছেলে আজিবর রহমান। সোমবার রাতে তিনি আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৮-এর নিকটবর্তী এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ভুলবশত তিনি সীমান্ত অতিক্রম করেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ সময় ভারতীয় সীমানার অভ্যন্তরে টহলরত বিএসএফ সদস্যরা তাকে দেখতে পান এবং আটক করেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক বাংলাদেশি নাগরিককে ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
১০৭ বার পড়া হয়েছে