ইরানের কাছে ক্ষতিপূরণ চওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ইরানের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি তোলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানও যুক্তরাষ্ট্রের হামলায় হওয়া ক্ষয়ক্ষতির জন্য ওয়াশিংটনের কাছে ক্ষতিপূরণ দাবি করে আসছে। এর মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার সঙ্গে ক্ষতিপূরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত জুড়ে দিয়েছে তেহরান।
ইরানের সঙ্গে পরবর্তী যেকোনো আলোচনায় ক্ষতিপূরণের দাবি উত্থাপনের জন্য নিজের প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি এ নির্দেশ দেন বলে জানা গেছে।
ট্রাম্পের দাবি, ইরানের হামলায় নিহত বা গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত। ইরানে সাম্প্রতিক বিক্ষোভে নিহত ব্যক্তিদের পরিবারের বিষয়টিও তিনি উল্লেখ করেন। এ ছাড়া লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজায় ইরানের কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে, সেসবের জন্যও ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
ট্রাম্প বলেন, এর আগে ইরান আলোচনায় ক্ষতিপূরণের দাবি তোলেনি। তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা ও কর্মকাণ্ডে দেশটির যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ওয়াশিংটনকে দায় নিতে হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রকে তাদের ভাষায় ‘অবৈধ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যুদ্ধের কয়েক মাসে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।
হরমুজ প্রণালি নিয়েও দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। ইরানের বক্তব্য, যুক্তরাষ্ট্র তাদের শর্ত পূরণ না করা পর্যন্ত প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়া হবে না। তেহরানের শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড় করা।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। সাময়িকভাবে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট একটি নৌপথ বা করিডোর চালুর বিষয়েও আলোচনা হচ্ছে।
তবে ইরান বলছে, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার সিদ্ধান্ত নির্ভর করবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর। ফলে ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা ও অর্থ ছাড়ের মতো বিষয়গুলো সামনে রেখে দুই দেশের ভবিষ্যৎ আলোচনায় নতুন করে টানাপোড়েন তৈরি হতে পারে।
১২৫ বার পড়া হয়েছে