আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত, নবম দল হিসেবে বাংলাদেশ
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
আয়ারল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান। তাদের জয়ের ফলে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য প্রয়োজনীয় শীর্ষ আট র্যাংকিংয়ের নয়টি জায়গার হিসাবও চূড়ান্ত হয়ে গেছে। সেই তালিকায় নবম দল হিসেবে জায়গা পেয়েছে বাংলাদেশ।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে শুধু সিরিজই নিশ্চিত হয়নি, আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতাও অর্জন করেছে তারা।
বিশ্বকাপে সরাসরি খেলার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর কাট-অফ তারিখ ধরা হয়েছে। ওই সময়ের পর র্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। তবে আয়োজক দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটে থাকায় র্যাংকিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
এই হিসাবে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত করা দলগুলোর তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ।
র্যাংকিংয়ে বর্তমানে দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে কাট-অফের আগে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে রয়েছে। তবে ওই দুটি ম্যাচ জিতলেও তাদের পক্ষে নবম স্থানে উঠে আসা সম্ভব নয়। ফলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে ক্যারিবীয় দলটি।
এর অর্থ, আগামী বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজকে আবারও বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে হবে। টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বে খেলতে হবে তাদের।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সেবার বাছাইপর্বে খেললেও সুপার সিক্স পর্বে পঞ্চম হয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয় তারা। বিশ্বকাপের ইতিহাসে সেটিই ছিল প্রথমবার, যখন ওয়েস্ট ইন্ডিজকে মূল আসরে দেখা যায়নি।
২০২৭ বিশ্বকাপের বাছাইপর্বেও থাকবে পরবর্তী ধাপের সুযোগ। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে ‘সুপার সিরিজ’ নামে একটি পর্বে। সেখানে সেরা দলটি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেবে।
১৩৫ বার পড়া হয়েছে