কুষ্টিয়ায় পৈতৃক জমি দখল ও ভাইদের হুমকির বিরুদ্ধে পান বিক্রেতার সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পৈতৃক জমি জবরদখল ও আপন বড় ভাইদের অব্যাহত হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক পান দোকানদার। আল্লারদর্গা বাজারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে নিজের ন্যায্য অধিকার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আকুল আবেদন জানান।
ভুক্তভোগী মো. মাসুম বিল্লাহ (৩৯) উপজেলার ৩৭ নম্বর হলুদবাড়ীয়া মৌজার খতিয়ানভুক্ত পৈতৃক সম্পত্তিতে নিজের ন্যায্য অংশ বুঝে পাওয়ার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, উক্ত পৈতৃক সম্পত্তিতে তার চার ভাইয়ের সমান অংশীদারিত্ব রয়েছে। খতিয়ান অনুযায়ী প্রত্যেকের ২৫ শতাংশ করে হিস্যা থাকার কথা থাকলেও বড় ভাই মো. শফিউল্লাহ এবং প্রবাসী মেজ ভাই মো. শহিদুল্লাহ ক্ষমতার প্রভাব খাটিয়ে পুরো জমি দখল করে রেখেছেন।
মাসুম বিল্লাহ জানান, দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে এবং পারিবারিক সালিশের মাধ্যমে নিজের ন্যায্য অংশ দাবি করেও কোনো প্রতিকার পাননি। উল্টো গত ৯ আগস্ট বিকেলে জমির সীমানা ও হিস্যা নিয়ে ভাইদের সঙ্গে কথা বলতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ উঠেছে, এ সময় জমি ছেড়ে দেওয়ার বিনিময়ে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে খুন-জখমের হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সাক্ষীরা ভুক্তভোগী মাসুম বিল্লাহর এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, মাসুমকে তার ন্যায্য প্রাপ্য অংশ থেকে অন্যায়ভাবে বঞ্চিত রাখা হচ্ছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তিনি ইতিমধ্যে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী অত্যন্ত আক্ষেপের সাথে জানান, আল্লারদর্গা বাজারে একটি ছোট পানের দোকান চালিয়ে তিনি কোনোমতে পরিবার নিয়ে জীবনযাপন করছেন। এ অবস্থায় পৈতৃক জমি উদ্ধার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কুষ্টিয়া জেলা police প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
১০৬ বার পড়া হয়েছে