বরিশালের সৌন্দর্য ও মানুষের আন্তরিকতায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৬:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরিশালে প্রথম সফরে এসে শহরের সৌন্দর্য, মানুষের আন্তরিকতা ও নদীকেন্দ্রিক জীবনযাত্রায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। নৌকায় ভাসমান বাজার ঘুরে দেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, বরিশাল খুব সুন্দর জায়গা এবং নৌকা ভ্রমণ তাঁর ভীষণ পছন্দের।
বরিশালে প্রথমবার সফরে এসে স্থানীয় মানুষের আতিথেয়তা, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, বরিশাল শহর খুবই সুন্দর। এখানকার মানুষের আন্তরিকতায় তিনি মুগ্ধ হয়েছেন।
রোববার দুপুরে বরিশাল প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। নগরের কীর্তনখোলা নদীতে একটি লঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘এটা বরিশালে আমার প্রথমবার। বরিশাল খুব সুন্দর। নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের।’ ঢাকা থেকে বরিশালে আসার পথে তিনি ভাসমান বাজার ঘুরে দেখেছেন বলেও জানান। স্থানীয় মানুষের সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও গুরুত্বপূর্ণ। মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরে তাঁরা আনন্দিত। ভবিষ্যতেও তিনি বারবার বরিশালে আসবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
পরে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপে মন্ত্রী বলেন, বরিশালের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই একসঙ্গে থাকলে বরিশালের কোনো উন্নয়নকাজ থেমে থাকবে না।
ভবিষ্যতে আরও নৌবিহারের আয়োজন করা হবে জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, এসব আয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের বরিশালে নিয়ে আসা হবে। নৌবিহারের মাধ্যমে বরিশালের উন্নয়নের বিভিন্ন দাবি তুলে ধরে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরও বরিশালে আনার উদ্যোগ নেওয়া যেতে পারে। বরিশালের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই একসঙ্গে থাকলেই বরিশালের উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বরিশালের ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে অবস্থিত প্রাচীন মসজিদটিতে যান তিনি। সেখানে মসজিদের ভেতরে প্রবেশ করে এর স্থাপত্য ও সৌন্দর্য ঘুরে দেখেন।
মিয়াবাড়ি মসজিদ পরিদর্শনের আগে মসজিদসংলগ্ন উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম দেখেন এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
বরিশালে যাওয়ার আগে ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। নৌকায় করে ভাসমান বাজার ঘুরে তিনি স্থানীয় মানুষের জীবনযাপন এবং বরিশাল অঞ্চলের ঐতিহ্যবাহী পেয়ারা চাষ সম্পর্কে ধারণা নেন।
বরিশাল সফরের বিভিন্ন পর্যায়ে স্থানীয় ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নদী ও নৌকাকেন্দ্রিক জীবনযাত্রা দেখার সুযোগ পান মার্কিন রাষ্ট্রদূত।
১০৭ বার পড়া হয়েছে