বাংলাদেশি বৃদ্ধকে বিএসএফের আটকের জেরে পঞ্চগড়ে ভারতীয় নাগরিক আটক
রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার জেরে এক ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয়রা। বর্তমানে ওই ভারতীয় নাগরিককে ফেরত দেওয়া নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে।
শনিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত সীমান্ত এলাকায় দীপঙ্কর গোপ (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয় বাসিন্দারা। দীপঙ্কর ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে। বর্তমানে তিনি বিজিবি ও স্থানীয় পুলিশের হেফাজতে রয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দীপঙ্কর গোপ সকালে কাঁটাতারের ওপারে ভারতীয় অংশে একটি চা-বাগানে কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করলে গ্রামবাসী তাকে চারদিক থেকে ঘিরে ফেলে আটক করে।
এর আগে গত বুধবার সকালে একই সীমান্তের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) নামে এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যায় বিএসএফ। বৃদ্ধ তমিজ উদ্দীন নিজের গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাছাকাছি চলে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে তুলে নিয়ে যায়।
নিখোঁজ তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, তার বাবা বয়স্ক এবং কানে কম শোনেন। তিনি কোনো অপরাধ করেননি, কেবল গরু খুঁজতে গিয়ে অসাবধানতাবশত সীমান্তের কাছে গিয়েছিলেন। বাবাকে ফিরে পাওয়ার দাবিতেই স্থানীয়রা ভারতীয় নাগরিককে আটকে রেখেছে এবং তমিজ উদ্দীনকে ফেরত না দেওয়া পর্যন্ত দীপঙ্করকে ছাড়া হবে না বলে দাবি উঠেছে।
উদ্ভূত পরিস্থিতি নিরসনে এবং উভয় নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে একটি দ্বিপাক্ষিক পতাকা বৈঠক অনুষ্ঠানের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
১৩২ বার পড়া হয়েছে