সৌদিতে হুথি হামলা, আহত ১১; বড় হামলার আশঙ্কা
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নজরান প্রদেশে ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। একই সঙ্গে হুথি ও ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়ারা সৌদি আরবে বড় ধরনের সমন্বিত হামলার প্রস্তুতি নিতে পারে বলে সতর্ক করেছে রিয়াদ।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, বৃহস্পতিবার নজরান প্রদেশে চালানো হামলায় সাতজন সৌদি নাগরিক, একজন ইয়েমেনি, দুজন মিসরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন।
শুক্রবার ভোরে দেওয়া এক বিবৃতিতে আল-মালিকি অভিযোগ করেন, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা বেসামরিক এলাকায় নির্বিচারে হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা অব্যাহত রাখবে সৌদি নেতৃত্বাধীন জোট।
তবে হামলার বিষয়ে এখন পর্যন্ত হুথি বিদ্রোহী গোষ্ঠী বা ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির ওপর পড়ছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এবং আঞ্চলিক বিভিন্ন সংঘাতের কারণে হুথিদের সঙ্গে সৌদির পুরোনো বিরোধ আরও জটিল আকার নিয়েছে।
সৌদি কর্মকর্তাদের দাবি, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তত্ত্বাবধানে হুথি ও ইরাকভিত্তিক ইরান-সমর্থিত মিলিশিয়ারা সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে এক সৌদি কর্মকর্তা জানান, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে জ্বালানি স্থাপনা, বন্দর, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর কথা বিবেচনা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে সৌদি আরব তার আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে শুক্রবার একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি হওয়ার কথা রয়েছে। তবে চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানেরও শুক্রবার সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে।
১৪৭ বার পড়া হয়েছে