নাইজেরিয়ায় এক অভিযানে ৩০৮ অপহৃত উদ্ধার
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে ৩০৮ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, এটি এক দিনে পরিচালিত সবচেয়ে বড় জিম্মি উদ্ধারের অভিযানগুলোর একটি।
নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ৩০৮ জন অপহৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে। বুধবার (৫ আগস্ট) দেশটির সরকার এ তথ্য জানিয়ে বলেছে, সমন্বিত এই অভিযান সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় জিম্মি উদ্ধারের সাফল্য।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬৩ জনকে চলতি বছরের ফেব্রুয়ারিতে পশ্চিমাঞ্চলের কাওয়ারা অঙ্গরাজ্যের ওরো গ্রাম থেকে অপহরণ করা হয়েছিল। ওই হামলায় ১৫০ জনের বেশি মানুষ নিহত হন। এছাড়া উদ্ধার হওয়া আরও ১৪৫ জনকে নাইজার অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা থেকে অপহরণ করা হয়েছিল।
সরকারের তথ্য অনুযায়ী, কাইঞ্জি লেক ন্যাশনাল পার্কের বিস্তীর্ণ বনাঞ্চলে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্র, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও পুলিশ যৌথভাবে এই অভিযানে অংশ নেয়।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু অভিযানের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার কারণে শতাধিক নাগরিককে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে দীর্ঘদিন ধরে অপহরণ একটি বড় নিরাপত্তা সমস্যা হিসেবে দেখা দিয়েছে। মুক্তিপণের উদ্দেশ্যে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই দুর্গম বনাঞ্চল ব্যবহার করে। এসব এলাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে।
এর আগে গত সপ্তাহে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীরা ৫২ জনকে অপহরণ করে। অপহৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও ছিল।
১৩৭ বার পড়া হয়েছে