ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর হামলা, আহত ৪ সদস্য
সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে হযরত শাহ রাহাত আলী (রা.)–এর বার্ষিক ওরস অনুষ্ঠিত হচ্ছিল। ওরস উপলক্ষে স্থানীয় মনির নামে এক ব্যক্তি তাঁর দোকানের জন্য রাজন মিয়ার কাছ থেকে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ ভাড়া নেন।
রোববার রাতে বিদ্যুতের বিল পরিশোধকে কেন্দ্র করে মনির ও রাজন মিয়ার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিরোধ নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পুলিশের দাবি, এ সময় মনির পুলিশের প্রতি ক্ষুব্ধ হয়ে তাঁর সঙ্গে থাকা লোকজনকে নিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এতে বাঞ্ছারামপুর থানার পুলিশ কনস্টেবল মো. ফরহাদ, এমদাদুল হক, সাইফুল আলম ও হোসনে মোবারক আহত হন।
আহত চার পুলিশ সদস্যকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মনিরসহ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
১১১ বার পড়া হয়েছে