পরিবেশ রক্ষায় নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিককে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সবার সম্মিলিত উদ্যোগেই আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; বরং প্রতিটি নাগরিকেরও সমান দায়িত্ব রয়েছে। সোমবার (৩ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ এমন একটি বিষয়, যা সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি উল্লেখ করেন, তিন থেকে চার দশক আগের বাংলাদেশের পরিবেশের সঙ্গে বর্তমান পরিস্থিতির বড় ধরনের পার্থক্য তৈরি হয়েছে।
তিনি বলেন, রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা, উপজেলা এবং গ্রামাঞ্চলের বিভিন্ন সড়ক, হাট-বাজার ও জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, টিস্যুসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। এসব বর্জ্য শুধু পরিবেশের সৌন্দর্য নষ্ট করছে না, বরং দীর্ঘমেয়াদে পরিবেশ দূষণের ঝুঁকিও বাড়াচ্ছে।
নিজেদের বাসাবাড়ির পরিচ্ছন্নতার সঙ্গে বাইরের পরিবেশের তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, কেউই নিজের ঘরের চারপাশে আবর্জনা দেখতে পছন্দ করেন না। তাই একইভাবে দেশের রাস্তা, পার্ক, খোলা জায়গা ও জনপরিসরও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার।
তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রতিদিন সড়কপথে চলাচল করেন। কিন্তু রাস্তাঘাটে যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে থাকায় সাধারণ মানুষকে যেমন দুর্ভোগ পোহাতে হয়, তেমনি পরিবেশও ক্রমাগত দূষিত হচ্ছে।
দেশের পুকুর, খাল ও অন্যান্য জলাশয়ের দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় গিয়ে অনেক পুকুরের পাড় ও ভেতরে আবর্জনার স্তূপ দেখা গেছে। অথচ একসময় এসব স্থান মানুষের অবসর কাটানোর অন্যতম জায়গা ছিল।
এ ছাড়া পার্ক, বিনোদনকেন্দ্র ও পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে ব্যবহৃত চিপসের প্যাকেট, লজেন্সের মোড়ক, বাদামের খোসাসহ বিভিন্ন বর্জ্য যেখানে-সেখানে না ফেলার আহ্বান জানান তিনি।
ভিডিও বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, দেশ সবার। তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে সামান্য সচেতনতা ও দায়িত্বশীলতার পরিচয় দিলে পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
১০৬ বার পড়া হয়েছে