জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা নিবেদন
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম। দায়িত্ব গ্রহণের পর আজ রবিবার সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং শহিদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এরপর বেলা ১১টা ৪০ মিনিটে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বেজে ওঠে।
শ্রদ্ধা নিবেদনের এই আনুষ্ঠানিকতায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ। এ ছাড়া ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকার জেলা প্রশাসক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এরপর বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে সড়কপথেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ও ধামরাই এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। তাঁর আগমন উপলক্ষে মহাসড়কের পাশে সাভার ও ধামরাইয়ের বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন হাতে ভিড় জমান। তাঁরা স্লোগানে স্লোগানে নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।
১২৫ বার পড়া হয়েছে