পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড় সদর উপজেলায় নেশার টাকার জন্য বাবার গলায় করাত ধরে জবাই করার চেষ্টা করেছে এক মাদকাসক্ত যুবক। এই নৃশংস ও চাঞ্চল্যকর ঘটনার অভিযোগে ছেলে মিরাজ আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। দণ্ডপ্রাপ্ত মিরাজ আলী (২৪) ওই এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত থাকায় এবং নিয়মিত পারিবারিক সহিংসতা সৃষ্টি করায় তার বাবা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
অভিযোগে জাহিদুল ইসলাম উল্লেখ করেন, মিরাজ মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করে দিত। বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দিত। এর আগে গাঁজা বিক্রির অভিযোগে সে দুইবার জেল খেটেছে এবং তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার স্ত্রীও তাকে তালাক দিয়ে চলে গেছেন।
সর্বশেষ ঘটনার দিন মিরাজ বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বাবা এর কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে মিরাজ ঘর থেকে করাত এনে বাবার গলায় ধরে জবাই করার চেষ্টা করে। এ সময় মা বাধা দিতে এলে তাকেও হত্যার চেষ্টা করা হয়। পরবর্তীতে তারা কোনো রকমে পালিয়ে জীবন রক্ষা করেন।
অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শুনানির সময় অভিযুক্ত যুবক নিজের অপরাধ স্বীকার করে। পরবর্তীতে তার ঘরে তল্লাশি চালিয়ে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। অপরাধের প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে আদালত তাকে এই শাস্তি প্রদান করেন।
১৪২ বার পড়া হয়েছে