কলাপাড়ায় জমি দখল ও চাঁদার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা
বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় স্কুল জমি দখল ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি, তার বাবা এবং ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়ের করা মামলাটি আমলে নিয়ে কলাপাড়া থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, কলাপাড়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম। আদালত মামলাটি আমলে নিয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১১ জুলাই সকালে অভিযুক্তরা মাটি কাটার ভেকু মেশিন ও ট্রলিসহ সদলবলে বিদ্যালয়ের মালিকানাধীন রজপাড়া মৌজার জমিতে অবৈধভাবে প্রবেশ করেন। তারা জোরপূর্বক জমির মাটি কেটে আকার পরিবর্তন করে চলাচলের রাস্তা তৈরির চেষ্টা চালান। এতে বিদ্যালয়ের শিক্ষকরা বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হন এবং প্রধান শিক্ষকের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্তরা শিক্ষকদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া ওই জমি থেকে প্রায় এক লক্ষ টাকার মাটি কেটে নিয়ে যাওয়া হয়েছে এবং এতে বিদ্যালয়ের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করতে ব্যর্থ হয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। তিনি দাবি করেন, সুপ্রিম কোর্টের রায়প্রাপ্ত ওয়ারিশদের কাছ থেকে বায়না সূত্রে তিনি এই জমি ক্রয় করেছেন এবং এটি কোনো অবৈধ দখল নয়। প্রধান শিক্ষকের সাথে তার কোনো মুখোমুখি দেখাও হয়নি দাবি করে একে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলে অভিহিত করেছেন তিনি।
১২০ বার পড়া হয়েছে