মাগুরায় শিশু রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৯:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুনকে ধর্ষণের চেষ্টা ও হত্যার মামলায় হাসান শেখ (২৮) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছে জেলা মহিলা পরিষদ ও শিশুটির পরিবার।
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামে শিশু রাজিয়া খাতুন হত্যা মামলায় আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন মাগুরা জেলা ও দায়রা জজ আদালত। রায় ঘোষণার পর শিশুটির পরিবার ও নারী অধিকার সংগঠনগুলো সন্তোষ প্রকাশ করেছে।
দণ্ডপ্রাপ্ত হাসান শেখ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে।
মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ মার্চ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের কুমার নদের তীরসংলগ্ন একটি পেঁপে বাগানের পাশে বাঁশঝাড়ের নিচ থেকে শিশু রাজিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে ঘটনার দিন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাজিয়া স্কুল থেকে বাড়ি ফিরে বিকেলে বাড়ির পাশের একটি জমিতে রসুন তুলতে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজিয়ার বাবা মিকিজ শেখ ২০২২ সালের ১৯ মার্চ শ্রীপুর থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনার পর আদালত হাসান শেখকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রায়ের পর রাজিয়ার মা ছবিরন নেছা বলেন, দীর্ঘ সময় পর হলেও আদালত ন্যায়বিচার করেছেন। তিনি সাজা দ্রুত কার্যকরের দাবি জানান।
মাগুরা মহিলা পরিষদের সভাপতি লাবনি জামান বলেন, ঘটনার পর থেকেই তারা ভুক্তভোগী পরিবারের পাশে ছিলেন এবং বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তিনি জানান, চার বছর পর হলেও আদালতের রায়ে তারা সন্তুষ্ট, তবে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের প্রত্যাশা করছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, তদন্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন। রায় দ্রুত কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তবে আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন বাবলু জানিয়েছেন, তারা এ রায়ে সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন।
১৭৪ বার পড়া হয়েছে