সর্বশেষ

সারাদেশ

উজানের বৃষ্টি ও ভারী বর্ষণে উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
উজানের ভারী বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত বর্ষণের কারণে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় আগামী সোমবারের মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। একই সময়ে সিলেট অঞ্চলের কয়েকটি নদীতে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। অন্যদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধির কারণে চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

কেন্দ্রটি জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানিও বাড়ছে, তবে এখনো তা বিপৎসীমার নিচে রয়েছে। আগামী পাঁচ দিনে উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলের গঙ্গা-পদ্মা অববাহিকার নদ-নদীর পানি বাড়লেও সেগুলো বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা কম।

এদিকে সুরমা-কুশিয়ারা অববাহিকায় কুশিয়ারা নদীর সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতকে সুরমা এবং মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর পানি সতর্কসীমার কাছাকাছি রয়েছে। আগামী তিন দিনে এসব নদীর পানি আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানিও বিপৎসীমার ওপরে রয়েছে। অন্যদিকে আত্রাই, করতোয়া, ছোট যমুনা ও যমুনেশ্বরী নদীর পানি কিছুটা কমলেও নওগাঁর কয়েকটি পয়েন্টে আত্রাই ও ছোট যমুনা এখনো সতর্কসীমায় রয়েছে। জামালপুর ও বগুড়ার কিছু এলাকায় ব্রহ্মপুত্র-যমুনার পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, জেলার কোনো নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। তবে ভারতের আসাম অঞ্চলে ভারী বৃষ্টির কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বাড়তে পারে। তাঁর মতে, ব্রহ্মপুত্র নদে বড় ধরনের বন্যার সম্ভাবনা তুলনামূলক কম।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, জেলার সব নদীর পানি বাড়ছে। তিস্তার পানি কয়েকটি স্থানে বিপৎসীমা ছাড়াতে পারে। আগামী দুই থেকে তিন দিনে নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ভারতের উজানে বৃষ্টির কারণে তিস্তার পানি রংপুর ও কুড়িগ্রাম অংশে আরও বাড়বে। এতে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে, যদিও এখনো নদীর পানি বিপৎসীমার নিচেই রয়েছে।

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা নদীর পানি আরও বাড়াতে পারে।

অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা চার দিন ধরে বরিশাল বিভাগের বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক জোয়ারে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং কয়েকটি লঞ্চ ও ফেরিঘাটের গ্যাংওয়ে ও পন্টুন পানিতে ডুবে যাওয়ায় যাত্রীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, কীর্তনখোলা, তেঁতুলিয়া, মেঘনা, বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীর একাধিক পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, একসঙ্গে এতগুলো নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর ঘটনা বিরল।

এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট খুলে দেওয়া হয়েছে। কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে আরও ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের পানির উচ্চতা এখনো বিপৎসীমার নিচে থাকলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন