ট্রল বা অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বা ট্রল করে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্য থেকে সরকারকে বিচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই সঙ্গে সেশনজট নিরসনে ২০২৭ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে আনার নতুন পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের নামফলক উন্মোচন ও শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী। সম্প্রতি কুমিল্লায় এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে সামাজিক মাধ্যমে চলা সমালোচনার কড়া জবাব দেন তিনি। মন্ত্রী দাবি করেন, কোনো বিভ্রান্তিকর অপপ্রচার বা উসকানিমূলক বক্তব্য তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে পারবে না।
ড. এহছানুল হক মিলন তাঁর বক্তব্যে অতীতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা স্মরণ করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করে গণমাধ্যমকে গুজব ছড়ানোর বিরুদ্ধে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
দেশের শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার ইতিমধ্যে এই খাতের বাজেট ১ লাখ ৩৬ হাজার কোটি টাকায় উন্নীত করেছে। পর্যায়ক্রমে জাতীয় আয়ের অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ২০২৭ সাল থেকে সেশনজট মুক্ত শিক্ষাবর্ষ নিশ্চিতে জানুয়ারি মাসে এসএসসি এবং মার্চ মাসে এইচএসসি পরীক্ষা আয়োজনের রূপরেখা প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে দুটি বিভাগ নিয়ে শুরু হওয়া এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিকে দ্রুত একটি স্বয়ংসম্পূর্ণ ক্যাম্পাসে রূপান্তরের প্রতিশ্রুতি দেন শিক্ষামন্ত্রী।
১১৩ বার পড়া হয়েছে