ভালুকায় সিরামিক কারখানার ইটিপির গর্তে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় এক্সিলেন্ট সিরামিকস কারখানার ইটিপি (বর্জ্য শোধনাগার) প্লান্টের গর্তে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড়চালা এলাকায় অবস্থিত কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত শ্রমিকদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার রুমেল (২৫) এবং খুলনা জেলার কয়রা উপজেলার নকশা গ্রামের ফারুক গাজীর ছেলে শফিকুল ইসলাম (২৮)। তারা দুজনেই ওই কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার সকালে কারখানার ইটিপি প্লান্টে সংস্কার কাজ চলছিল। ওই সময় ওয়েল্ডারের সহকারী হিসেবে কর্মরত রুমেল প্রথমে ইটিপি প্লান্টের একটি গভীর গর্তে মেরামতের জন্য নামেন। সেখানে নামার কিছুক্ষণ পরই তিনি বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন।
সহকর্মীকে অচেতন হতে দেখে তাকে উদ্ধার করতে অপর শ্রমিক শফিকুল ইসলামও দ্রুত ওই গর্তে নামেন। কিন্তু গর্তে থাকা বিষাক্ত গ্যাসের তীব্রতায় তিনিও তাৎক্ষণিকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে কারখানার অন্যান্য কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত বলে ঘোষণা করেন। ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এক্সিলেন্ট সিরামিকস ইন্ডাস্ট্রিজের স্যানিটারি প্লান্টের ব্যবস্থাপক অবিনাশ কুন্ডু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসই এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ।
১১৯ বার পড়া হয়েছে