'সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা', ফরিদপুরে শামা ওবায়েদ
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৪:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দায় ঐতিহ্যবাহী রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ বহু ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের এক মেলবন্ধনের ভূমি। যুগের পর যুগ ধরে এ দেশের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে।
বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, আমাদের ইশতেহারে রংধনুর প্রতীক ব্যবহার করা হয়েছিল। সাতটি রঙের সমন্বয়ে যেমন একটি সুন্দর রংধনু সৃষ্টি হয়, ঠিক তেমনি ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসেই বাংলাদেশ আরও সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধর্মীয় বিভাজন কিংবা বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা 'সংখ্যালঘু' শব্দে বিশ্বাস করি না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই এ দেশের সমান নাগরিক। আমরা এমন একটি বাংলাদেশে বিশ্বাস করি, যেখানে ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বিভাজন থাকবে না। সবাইকে সঙ্গে নিয়ে এক হয়েই আমরা দেশ গড়তে চাই।
বক্তব্যের একপর্যায়ে শামা ওবায়েদ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি আশ্বস্ত করেন যে, আহত জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং প্রয়োজনে তাদের বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা করা হলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে তিনি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।
১২৯ বার পড়া হয়েছে