কলাপাড়ায় পূর্ব বিরোধে বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ, ব্যাপক ক্ষয়ক্ষতি
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে একটি বসতঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সলেমান তালুকদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে এ ঘটনা ঘটে, যাতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। কলাপাড়ায় বসতঘরে অগ্নিসংযোগের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত জুলাই আন্দোলনের পর বেতমোর গ্রামের বাসিন্দা জহিরুল ইসলামের একটি ঘের থেকে মাছ ধরে নিয়ে যান অভিযুক্ত সলেমান তালুকদার। এ ঘটনার প্রায় দুই বছর পর গত বুধবার কলাপাড়া পৌর শহরের চৌরাস্তা এলাকায় জহিরুলের সঙ্গে সলেমানের আকস্মিক দেখা হয়। সে সময় মাছ চুরির বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
হাতাহাতির পর সলেমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে তাৎক্ষণিক বিচার দাবি করেন। তবে আশানুরূপ বিচার না পেয়ে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযোগ উঠেছে, এরই জেরে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জহিরুলের ছোট ভাই ফিরোজের বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে সম্পূর্ণ ঘরটি ভস্মীভূত হয়ে যায়। ঘটনার সময় ঘরের ভেতর কোনো বাসিন্দা না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।
অভিযোগের বিষয়ে সলেমান তালুকদারের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এদিকে চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর ফকির অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সলেমানের চরিত্র প্রশ্নবিদ্ধ এবং সে এমন অপরাধ ঘটাতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ইলিয়াস তালুকদার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩৩০ বার পড়া হয়েছে