ভালুকায় আনন্দঘন ও ভক্তিময় পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পৌর সদরের রায় বাড়ি থেকে শুরু হওয়া বর্ণাঢ্য এই রথযাত্রায় অংশ নেন হাজারো পুণ্যার্থী। পুরো পৌর এলাকা জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।
বৃহস্পতিবার দুপুরের পর ভালুকা পৌরসদরের ঐতিহ্যবাহী রায় বাড়ী থেকে এই বর্ণিল রথযাত্রাটি শুরু হয়। সুসজ্জিত রথটি টেনে নিয়ে যাওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বী আপামর জনসাধারণ রাস্তায় নেমে আসেন। রথটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ঐতিহাসিক এই ধর্মীয় শোভাযাত্রাটি পৌরসদরের প্রধান সড়কগুলো ঘুরে অবশেষে অ্যাডভোকেট রাখাল সরকারের বাসভবন সংলগ্ন শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। পুরো যাত্রাপথে উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং হরিনাম সংকীর্তনে এক অপার্থিব ও ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়।
নারী-পুরুষ ও শিশুসহ সকল বয়সী ভক্তবৃন্দ পরম শ্রদ্ধায় রথের রশি টেনে জগন্নাথদেবের কৃপা প্রার্থনা করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন।
১৩১ বার পড়া হয়েছে