সিরাজগঞ্জে হত্যা ও ডাকাতিসহ ১৬ মামলার আসামি রুবেল গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গায় হত্যা, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৬টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রুবেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সলঙ্গা থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রুবেল হোসেন সলঙ্গা থানার দত্তকুশা গ্রামের আকবার আলীর ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে অন্তত ১৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক জীবন যাপন করছিল এবং এলাকায় আত্মগোপনে থেকে কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে পরোয়ানাভুক্ত আসামি রুবেল তার নিজ বাড়িতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুরে দত্তকুশা গ্রামে ঝটিকা অভিযান চালায়। এ সময় বাড়িটি ঘেরাও করে রুবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা পুলিশ আরও জানায়, রুবেল হোসেন এলাকার একজন চিহ্নিত ও আলোচিত সন্ত্রাসী। তাকে গ্রেপ্তারের পর সলঙ্গা থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
১১৪ বার পড়া হয়েছে