এনসিপি নেতা ও কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১০:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মালিকানাধীন জমি দখল করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। এতে বাধা দেওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাসিন্দা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নুরুজ্জামান কাফি সম্প্রতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমিতে জোরপূর্বক একটি রাস্তা নির্মাণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, সিক্সলেন সড়কের পাশে অবস্থিত স্কুলের জমি থেকে প্রায় ৬ শতাংশ জায়গা দখল করে এই রাস্তা বানানো হয়েছে। এতে বাঁধা দেওয়ায় তাকে ও স্কুল কর্তৃপক্ষকে বিভিন্ন ধরণের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৫৪ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে স্থানীয় জমিদাতাদের কাছ থেকে এবং ব্যাংকের নিলাম থেকে সব মিলিয়ে ৪০ একর ৬৪ শতাংশ জমি ক্রয় করা হয়। ২০১৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণের পর সরকারি নিয়ম অনুযায়ী এই সমস্ত জমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই জমিগুলো বিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিল।
অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে নুরুজ্জামান কাফি সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, স্কুল কর্তৃপক্ষের ওই জমির পেছনে তার নিজস্ব কেনা জমি রয়েছে, যেখানে যাতায়াতের কোনো রাস্তা নেই। জমির মালিকানার দাবিদার অন্য এক পক্ষের কাছ থেকে আইনি প্রক্রিয়া ও বায়না চুক্তির মাধ্যমে তিনি ৬ শতাংশ জমি ক্রয় করে রাস্তাটি নির্মাণ করেছেন। তাকে সামাজিকভাবে হেয় করতেই বিদ্যালয় কর্তৃপক্ষ মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে তিনি পাল্টা দাবি করেন।
এদিকে বিদ্যালয়ের সরকারি জমি এভাবে বেদখল হয়ে যাওয়ায় শিক্ষক ও স্থানীয় অভিভাবকদের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্কুলের সম্পদ রক্ষার্থে এবং অবৈধ দখলদারিত্ব উচ্ছেদে স্থানীয় প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদ।
১২২ বার পড়া হয়েছে