বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা তৈরি করছে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী
শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দেশের বন্যাকবলিত এলাকাগুলোতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন।
কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে শনিবার (১১ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশের যেসব অঞ্চলে বন্যার কারণে কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন, সেসব এলাকায় স্থানীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক তালিকা প্রস্তুত হওয়ার পর সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও সহায়তার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। ক্ষয়ক্ষতির সঠিক তথ্যের ভিত্তিতে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ এবং প্রধানমন্ত্রীর অসন্তোষের বিষয়ে আমিনুর রশিদ ইয়াসিন বলেন, দীর্ঘদিনের অনিয়মের সংস্কৃতি অনেকের মধ্যে এখনো রয়ে গেছে। তবে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি প্রধানমন্ত্রী নিজেই নিয়মিত পর্যবেক্ষণ করেন। তাই এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।
জাতীয় বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১৭ বার পড়া হয়েছে