ভোমরা স্থলবন্দরে বড় ধাক্কা: অর্থবছরে রাজস্ব ঘাটতি ৯৫০ কোটি টাকা
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সদ্য সমাপ্ত অর্থবছরে বড় ধরনের রাজস্ব বিপর্যয় ঘটেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৯৫০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে এই বন্দরে। আমদানি হ্রাস, ডলার সংকট এবং শুল্কায়ন জটিলতার কারণেই মূলত এই বিপুল পরিমাণ ঘাটতি তৈরি হয়েছে বলে জানা গেছে।
কাস্টম হাউস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত অর্থবছরে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৬৪ কোটি ৮৯ লাখ টাকা। এর বিপরীতে আদায় সম্ভব হয়েছে মাত্র ১ হাজার ১১৪ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা। ফলে বছর শেষে ঘাটতির অঙ্ক দাঁড়িয়েছে ৯৫০ কোটি ৬৯ লাখ টাকা, যা বিগত বছরের তুলনায় প্রায় অর্ধেক।
কাস্টম কর্তৃপক্ষের দাবি, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনে পণ্য আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে ধীরগতি ও শুল্কায়নের নতুন নিয়মের কারণেও রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে কঠোর নজরদারির কারণে আরও বড় শুল্ক ফাঁকি রোধ করা সম্ভব হয়েছে বলে তারা জানান।
অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, এলসি খোলায় জটিলতা ও তীব্র ডলার সংকটের কারণে দেশের এই অন্যতম স্থলবন্দরের বাণিজ্য সক্ষমতা হ্রাস পেয়েছে। ব্যাংক ঋণের উচ্চ সুদের হারও ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বড় ধরনের দুশ্চিন্তায় ফেলেছে, যার সরাসরি প্রভাব পড়েছে সামগ্রিক আমদানিতে।
ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, বহুমুখী সংকটে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। বাণিজ্য সচল করতে এবং এই বিশাল ঘাটতি কাটিয়ে উঠতে অবিলম্বে কার্যকর ও সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
উদ্ভূত পরিস্থিতি কাটিয়ে উঠতে কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানিয়েছেন, আগামী অর্থবছরের জন্য এনবিআরের নির্দেশনা অনুযায়ী নতুন রাজস্ব আহরণ কৌশল প্রণয়ন করা হচ্ছে। নতুন বাজেটের আওতায় ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করে রাজস্ব আদায়ের গতি ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
১১৩ বার পড়া হয়েছে