কুষ্টিয়া জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. আরিফুল ইসলাম (২৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়ার পর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কুষ্টিয়ার খোকসা উপজেলার রাজীনাথপুর গ্রামের বাসিন্দা মো. আরিফুল ইসলাম একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৯ সালের ২৭ অক্টোবর থেকে তিনি কুষ্টিয়া জেলা কারাগারে বন্দী ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত প্রায় ৮টা ১৫ মিনিটে আরিফুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কারাগারের ভেতরে তার ইসিজি (ইলেকট্রোকার্ডিওগ্রাম) পরীক্ষা করা হয়। পরীক্ষায় শারীরিক জটিলতার লক্ষণ দেখা গেলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
১০৯ বার পড়া হয়েছে