জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ: ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে গণধর্ষণের চাঞ্চল্যকর মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৫ মে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের এক গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে পাশবিক নির্যাতন ও গণধর্ষণ করা হয়। এই পৈশাচিক ঘটনার পরের দিনই ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে চূড়ান্ত রায় প্রদান করা হলো।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক জানিয়েছেন, আলোচিত এই মামলায় মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষীদের দীর্ঘ জবানবন্দি ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে আদালত এ রায় দেন। অপরাধ প্রমাণিত হওয়ায় নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান ওরফে পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জসিম উদ্দিন, আসমত এবং জুয়েল মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এদিকে, মামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইদ্রিস আলী নামের এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর ভুক্তভোগী পরিবার সন্তোষ প্রকাশ করেছে।
১২৯ বার পড়া হয়েছে