পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি আটক
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের বোদা উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম অসীম বিশ্বাস (৪৩), যিনি মাগুরা জেলার বাসিন্দা। শনিবার রাতে বড়শশী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী ক্যাম্পের একটি টহল দল পঞ্চগড়ের অমরখানা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। মেইন পিলার ৭৭৮-এর সাব পিলার ৭ সংলগ্ন বাংলাদেশি সীমানার ভেতর থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অসীম বিশ্বাস জানিয়েছেন, তিনি মূলত কাজের সন্ধানে অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দিচ্ছিলেন।
আটক অসীম মাগুরা সদর উপজেলার রাউতরা এলাকার বাসিন্দা। বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় অনুপ্রবেশকারীকে দ্রুত শনাক্ত ও আটক করা সম্ভব হয়েছে। পরে যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করে তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, আটক ওই বাংলাদেশীকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে এবং তাকে পঞ্চগড় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম জানান, সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান, মাদক এবং যেকোনো ধরনের অবৈধ পারাপার রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
১২৮ বার পড়া হয়েছে