রাজনীতির কারণে অতীতে অনেক মেধাবী শিক্ষকতা পেশায় আসতে পারেননি: মির্জা ফখরুল
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ১:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
অতীতে শুধুমাত্র রাজনৈতিক সংকীর্ণতার কারণে বহু মেধাবী শিক্ষার্থী শিক্ষকতা পেশায় আসার সুযোগ পাননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঠাকুরগাঁওয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর জয়নুল আবেদিন মিলনায়তনে এই লোগো বা মনোগ্রাম উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা পেশার মাহাত্ম্য তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষকতার চেয়ে মহৎ পেশা পৃথিবীতে আর কিছু হতে পারে না। এই মহান পেশার মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়া সম্ভব, যা পরবর্তীতে বিশ্বময় ছড়িয়ে পড়ে। নিজের জীবনের স্মৃতিচারণ করে তিনি জানান, তাঁর কর্মজীবনের শুরুটাও হয়েছিল শিক্ষকতা দিয়ে এবং জীবনে এই শিক্ষকতা পেশাটাকেই তিনি সবচেয়ে বেশি উপভোগ করেছেন।
বিশ্ববিদ্যালয়টির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তবে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার মূল দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তিনি আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠানটি যেন গতানুগতিক কোনো বিদ্যাপীঠ না হয়ে একটি আন্তর্জাতিক মানের গবেষণা ও জ্ঞানচর্চা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। প্রত্যন্ত ও অনগ্রসর এই জনপদ যাতে অচিরেই একটি শিক্ষানগরী হিসেবে দেশজুড়ে খ্যাতি অর্জন করতে পারে, সেজন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা বাদ দিয়ে মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফীল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং ইএসডিও-র নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম তাঁর বক্তব্যে বলেন, একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ কাজ। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতায় মাত্র দেড় মাসের মধ্যে ক্যাম্পাসের ভূমি নির্ধারণসহ প্রশাসনিক কার্যক্রম প্রশংসনীয় গতিতে এগিয়ে চলেছে। চলতি বছর থেকেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু করার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে প্রশাসন।
উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, দেশের বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং খ্যাতনামা কার্টুনিস্ট ও চিত্রশিল্পী অধ্যাপক শিশির ভট্টাচার্য এই বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন লোগোটি ডিজাইন করেছেন।
১২০ বার পড়া হয়েছে