গোদাগাড়ীতে ডিবির অভিযানে ১২ বোতল ভারতীয় মদ জব্দ, মাদক মামলার আসামি গ্রেপ্তার
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৫:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল মোড়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই ২০২৬) ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গাংগরামপুর গ্রামের বাসিন্দা মো. সুমন রেজা (৩৫)। তিনি টিপু সুলতানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মো. আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে একটি কালো-লাল রঙের পালসার মোটরসাইকেলের ক্যারিয়ারে ঝুলানো সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ভারত থেকে আনা সিগ্রামস রয়্যাল স্ট্যাগ সুপিরিয়র হুইস্কির ১২ বোতল উদ্ধার করা হয়।
পরে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয় এবং সুমন রেজাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী জেলা এবং রাজশাহী মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
১১৬ বার পড়া হয়েছে