নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলায় পলাতক আসামি আকাশ গ্রেপ্তার
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর নিহত বুদ্ধিপ্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যশোরের একটি এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামি আকাশ বিশ্বাসকে আটক করা হয়। এদিকে ঘটনার দ্রুত বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করেছে।
নড়াইলে বুদ্ধিপ্রতিবন্ধী আনোয়ারকে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার পলাতক আসামি আকাশ বিশ্বাস (২৫) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) ভোরে যশোর জেলার নারকেলবাড়িয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে নড়াইল সদর থানা-পুলিশ।
গ্রেপ্তার হওয়া আকাশ বিশ্বাস নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়া এলাকার প্রভাষ বিশ্বাসের ছেলে। তিনি এ হত্যা মামলার চার নম্বর আসামি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোরের নারকেলবাড়িয়ায় এক আত্মীয়ের বাড়ি থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি খাটের নিচে লুকিয়ে ছিলেন। তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সরকেলডাঙ্গা গ্রামের বাসিন্দা বুদ্ধিপ্রতিবন্ধী আনোয়ার গত ২৪ জুন সকালে বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
অভিযোগ রয়েছে, ওই দিন রাতে সদর উপজেলার গোবরা মালোপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি তাঁকে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে দীর্ঘ সময় ধরে মারধর ও নির্যাতন করেন। পরদিন সকালে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে টানা আট দিন চিকিৎসাধীন থাকার পর গত ২ জুলাই সকালে আনোয়ার মারা যান। একই দিন বিকেলে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে সন্ধ্যায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই নবীর হোসেন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এদিকে আনোয়ারের মৃত্যুর প্রতিবাদে এবং মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্নের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বাঁশগ্রাম বাজার থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকেলডাঙ্গা মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে নিহতের স্বজন ও স্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
১৩০ বার পড়া হয়েছে