কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মশালা, ২৬০ নারী ও শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৩:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বৃক্ষরোপণবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে ২৬০ জন সুবিধাবঞ্চিত নারী ও শিক্ষার্থীর মধ্যে চার প্রজাতির মোট ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ করা হয়।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার এই কর্মশালার আয়োজন করা হয়। টিআরফান্ডের অর্থায়নে এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের ট্রি প্ল্যান্টেশন প্রকল্পের তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস উল আজাদ এবং সিসিটি সভাপতি হেবল বৈদ্য। এ ছাড়া উপস্থিত ছিলেন সিসিটি সহসভাপতি মার্টিন বৈরাগী, সদস্য জুলিয়েট বাড়ৈ, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মুর্মু, প্রকল্প কর্মকর্তা মিল্টন সরদার, সিনিয়র প্রকল্প পরিদর্শক পায়েল দাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর তুষার বাড়ৈসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটিক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আলোচনায় বৃক্ষরোপণের সঠিক পদ্ধতি, চারার পরিচর্যা, উপযুক্ত প্রজাতি নির্বাচন, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদি সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী ২৬০ জন সুবিধাবঞ্চিত নারী ও শিক্ষার্থীর মধ্যে আম, হরিতকি, রেইনট্রি ও নারিকেল—এই চার প্রজাতির নয়টি করে মোট ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ করা হয়।
১১৯ বার পড়া হয়েছে