কলাপাড়ায় নিজ গোয়ালের বলি মহিষের আক্রমণে কৃষকের মৃত্যু
বুধবার, ১ জুলাই, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নিজের গোয়ালে পালিত একটি বলি মহিষের আক্রমণে তোফাজ্জেল মোল্লা (৪০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জেল মোল্লা ওই গ্রামের শাহজাহান মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মহিষ পালন করে আসছিলেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, তাদের গোয়ালে মোট ৮টি মহিষ ছিল, যার মধ্যে একটি ছিল বলি মহিষ। ঘটনার সময় তোফাজ্জেল মোল্লা বিল থেকে মহিষের পাল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ করে বলি মহিষটি তাকে আক্রমণ করে।
স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে আশেপাশে কোনো লোকজন না থাকায় দ্রুত উদ্ধার সম্ভব হয়নি। এতে তিনি গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।
চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর ফকির জানান, নিজের পালিত বলি মহিষের আক্রমণেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে একাধিক স্থানে গুরুতর শিংয়ের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
১৩১ বার পড়া হয়েছে