গোদাগাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং সভা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের লক্ষ্যে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ জরুরি।
রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার উদ্যোগে মঙ্গলবার (৩০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, বিপিএম (বার), পিপিএম।
বক্তারা বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। মাদকের বিস্তার রোধে জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক, সুশীল সমাজ এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা গেলে মাদক, অপরাধ এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলেও তারা মত দেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তিনি সবাইকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করছে। জনগণের সহযোগিতা থাকলে অপরাধ দমন ও নিরাপদ সমাজ গঠনের কাজ আরও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে