নাশকতা মামলায় পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী ও যুব মহিলা লীগ নেত্রী কারাগারে
সোমবার, ২৯ জুন, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে নাশকতার চেষ্টা ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মামলায় সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়ার স্ত্রী মেজর (অব.) কাজী মৌসুমী এবং জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমী এবং জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন ইতিপূর্বে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন তারা। তবে উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বিচারক মাহাবুব আলী মুয়াদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, পঞ্চগড়ে সাবেক এই সংসদ সদস্যের বাড়িতে তাঁর স্ত্রী কাজী মৌসুমীর নেতৃত্বে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়েছিল। সেখানে কেক কাটা এবং দলীয় স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এই ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়া বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১১০-১২০ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল জানান, অভিযুক্তরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছিলেন। তাঁরা জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ থেকে এর তীব্র বিরোধিতা করা হয়। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন জানান, উচ্চ আদালতের নির্দেশনা মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁর মক্কেলরা আত্মসমর্পণ করেছিলেন। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দ্রুত জামিন লাভের আশা প্রকাশ করেন।
১৩৩ বার পড়া হয়েছে