লোডশেডিংয়ে দেখা গেল না আর্জেন্টিনার ম্যাচ, নেত্রকোনায় বিদ্যুৎ অফিস ভাঙচুর
রবিবার, ২৮ জুন, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার কেন্দুয়ায় তীব্র লোডশেডিংয়ের কারণে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখতে না পেরে ক্ষুব্ধ গ্রাহকরা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ভাঙচুর করেছেন। দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাটের চরম ক্ষোভ থেকে রোববার সকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকেই নেত্রকোনার কেন্দুয়া উপজেলাজুড়ে বিদ্যুতের চরম সংকট দেখা দেয়। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। এর মধ্যে রোববার সকালে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে বিদ্যুৎ চলে গেলে স্থানীয় গ্রাহকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।
উত্তেজিত গ্রাহকরা সরাসরি পল্লী বিদ্যুতের কেন্দুয়া জোনাল অফিসে গিয়ে চড়াও হন এবং কার্যালয়ের বিভিন্ন অংশ ভাঙচুর করেন। উপজেলায় প্রায় ৯৪ হাজার গ্রাহক রয়েছেন, যাদের জন্য পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় ২৭ মেগাওয়াট। তবে বর্তমানে চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট, যা সংকটের মূল কারণ বলে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য মোট ১২টি ফিডার সচল থাকলেও বর্তমানে অর্ধেকের বেশি ফিডার বন্ধ রয়েছে। ময়মনসিংহ গ্রিডের মাধ্যমে নেত্রকোনা হয়ে এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে, যা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল।
এ বিষয়ে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. ওমর ফারুক জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ বরাদ্দ খুবই কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। বরাদ্দ বাড়ানো ছাড়া স্থানীয় কর্তৃপক্ষের কিছুই করার নেই। অন্যদিকে, কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
১১৪ বার পড়া হয়েছে