বাগমারায় যুবকের ওপর চাপাতি হামলা, ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
শনিবার, ২৭ জুন, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের গংগানারায়নপুর গ্রামে এক যুবকের ওপর সশস্ত্র হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, কুমানিতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে পাঁচজন তার পথরোধ করে হামলার চেষ্টা চালায়। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের গংগানারায়নপুর গ্রামের বাসিন্দা মো. জাফর ইকবাল অভিযোগ করেছেন, শুক্রবার (২৬ জুন) রাত প্রায় ৯টার দিকে কুমানিতলা বাজার থেকে বাড়ি ফেরার সময় একই গ্রামের পাঁচজন ব্যক্তি তার পথরোধ করে হামলার চেষ্টা করেন।
জাফর ইকবাল জানান, অভিযুক্তরা লোহার রড, বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলার উদ্দেশ্যে এগিয়ে আসে। প্রাণনাশের আশঙ্কায় তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—নাইমুর রহমান দূর্জয় (২৮), শাহরিয়ার আলম সবুজ (২১), আব্দুস সাত্তার (৪৮), মাহাবুর রহমান (৩৫) ও মাসুদ রানা (৩৭)। তারা সবাই গংগানারায়নপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর দাবি, হামলার সময় নাইমুর রহমান দূর্জয় নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে চাপাতি হাতে তাকে ধাওয়া করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাইমুর রহমান দূর্জয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, অভিযুক্তরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং ভবিষ্যতে আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ভুক্তভোগী, তার পরিবার ও স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
১৪১ বার পড়া হয়েছে