সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে হামলা, সালথায় নিহত ১
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ৪:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলায় জমিজমা–সংক্রান্ত একটি সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে পান্নু ফকির (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে জমিজমা–সংক্রান্ত বিরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামে দুর্বৃত্তদের হামলায় পান্নু ফকির (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা সড়কের ওপর তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
নিহত পান্নু ফকির কুমারকান্দা গ্রামের রহমান ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে জমিজমা–সংক্রান্ত একটি সালিশ বৈঠকে অংশ নিয়েছিলেন পান্নু ফকির। বৈঠক শেষে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর গভীর রাতে কোনো এক সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাস্তার পাশের একটি পাটক্ষেতে তাঁকে হত্যা করা হয়। পরে হত্যাকারীরা মরদেহটি সড়কের ওপর ফেলে রেখে যায়। সকালে পথচারীরা মরদেহ দেখতে পেয়ে বিষয়টি স্থানীয়দের জানালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।
খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাটক্ষেতে হত্যার পর মরদেহটি সড়কের ওপর ফেলে রাখা হয়েছে। নিহত ব্যক্তি জমিজমা–সংক্রান্ত একটি সালিশ বৈঠক থেকে বাড়ি ফিরছিলেন। তাঁর শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
১১৬ বার পড়া হয়েছে