সর্বশেষ

সারাদেশ

নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ৯ জনকে রাতে ফেরত নিয়ে গেল বিএসএফ

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর সাপাহার সীমান্তে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তীব্র প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত বুধবার দিবাগত রাতে নো-ম্যানস ল্যান্ড থেকে তাদের ভারতে ফেরত নিয়ে যেতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সীমান্তবর্তী স্থানীয় সূত্রগুলো থেকে জানা যায়, বুধবার ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করে। অনুপ্রবেশকারীদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু ছিল। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে আদাতলা সীমান্তের বিজিবি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের অনুপ্রবেশ রুখে দেয়।

অনুপ্রবেশে ব্যর্থ হওয়ার পর ওই ৯ জন ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) আটকা পড়েন। তপ্ত রোদের মধ্যে সেখানে তারা চরম মানবেতর পরিস্থিতির মুখোমুখি হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ কোনো সাড়া দেয়নি। ফলে কোম্পানি কমান্ডার বা ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের কোনো বৈঠক অনুষ্ঠিত হতে পারেনি।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সন্ধ্যার পর বিএসএফ তাদের সীমান্তের তিনটি সার্চলাইট বন্ধ করে দেয়। রাত ১০টার পর সার্চলাইট পুনরায় জ্বালানো হলে দেখা যায়, নো-ম্যানস ল্যান্ডে আর কেউ নেই। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে। নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, চলতি জুন মাসেই নওগাঁ সীমান্তে তিন দফায় অর্ধশতাধিক মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। এর আগে গত ৫ জুন সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত এবং ৮ জুন পোরশা উপজেলার নিতপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা হলেও বিজিবির অনড় অবস্থানের কারণে বিএসএফের প্রতিটি মিশনই ব্যর্থ হয়েছে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন