আশুলিয়ায় সয়াবিন তেল ডাকাতি: ৬৬ ড্রাম তেল উদ্ধার, ট্রাক জব্দ
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৪:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সাভারের আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ সয়াবিন তেল ও ছিনতাইকৃত ট্রাক উদ্ধার করেছে পুলিশ। নরসিংদীর মনোহরদী এলাকার একটি গোডাউন ও পুকুরের তলদেশ থেকে ৬৬ ড্রাম তেল এবং কুমিল্লার মুরাদনগর থেকে পরিত্যক্ত ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, গত ১৭ জুন দিবাগত রাতে আশুলিয়ার কবিরপুর এলাকায় একটি তেলবাহী ট্রাকে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল অস্ত্রের মুখে চালককে জিম্মি করে ৭৫ ড্রাম সয়াবিন তেলসহ ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনার পর আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।
তদন্তকারী দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুন প্রথমে কুমিল্লার মুরাদনগর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়। তবে তখনো লুণ্ঠিত তেলের কোনো হদিস পাওয়া যায়নি।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদীর মনোহরদীতে অভিযান চালায় আশুলিয়া থানা পুলিশ। সেখানে একটি গোডাউন থেকে প্রথম দফায় ৪৮ ড্রাম তেল উদ্ধার করা হয়। এরপর ব্যাপক তল্লাশি চালিয়ে পাশের একটি পুকুরের পানির নিচে লুকিয়ে রাখা অবস্থায় আরও এক দফায় তেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে লুণ্ঠিত ৭৫ ড্রামের মধ্যে ৬৬ ড্রাম সয়াবিন তেল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এই ডাকাতির চক্রটিকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনতে জোর তৎপরতা চলছে। খুব দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
১২৭ বার পড়া হয়েছে