গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা: নড়াইলে বিক্ষোভ সমাবেশ ও হুঁশিয়ারি
সোমবার, ২২ জুন, ২০২৬ ৭:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নড়াইল। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে আজ এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে খুনিদের দ্রুত আইনের আওতায় না আনলে দেশব্যাপী তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের বকুল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে কলেজ ও জেলা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা শিবিরের সভাপতি মো. ওয়াকিউজ্জামান অভির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদ। এছাড়া অন্যান্যদের মধ্যে জেলা অফিস সম্পাদক মো. রোমান শেখ, আন্তর্জাতিক সম্পাদক মো. তানভীর শিকদার এবং অর্থ সম্পাদক মো. আবুল কালাম আজাদ বক্তব্য প্রদান করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা প্রচার সম্পাদক মো. নাঈমুল ইসলাম, কলেজ শাখার সেক্রেটারি মো. আমির হামজা, সদর পূর্ব থানা সেক্রেটারি মো. ফাহিম শেখ এবং কালিয়া পশ্চিম থানা সেক্রেটারি মো. আসাদুল্লাহ গালিবসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে খুনিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
১২৬ বার পড়া হয়েছে