আওয়ামী লীগের অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ
সোমবার, ২২ জুন, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আওয়ামী লীগের কথিত অপতৎপরতা এবং মাদকের বিস্তারের বিরুদ্ধে ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। সমাবেশে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
রোববার (২১ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর জিলা স্কুল মোড়, নতুন বাজার ও গাঙ্গিনাপাড় মোড় প্রদক্ষিণ করে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, তাঁরা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন করতে চান। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিএনপি রাজপথে সক্রিয় থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও মানবিক কর্মকাণ্ড দেশের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। এ কারণে একটি মহল বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন কোতোয়ালি বিএনপির আহ্বায়ক হেলাল আহমেদ। এ ছাড়া বিএনপির নেতা কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, এম এ হান্নান খান, এনামুল হক আকন্দ লিটন, কায়কোবাদ মামুন, সৈয়দ শরীফ এবং মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
১১৭ বার পড়া হয়েছে