রাউজানে যুবদল নেতা মাকসুদ হত্যা: ‘মূল পরিকল্পনাকারী’ আইয়ুব গ্রেপ্তার
রবিবার, ২১ জুন, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী ওরফে মাসুদ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মো. আইয়ুবকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। রোববার ভোরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
চট্টগ্রামের রাউজান উপজেলার আলোচিত যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী ওরফে মাসুদ হত্যাকাণ্ডের ঘটনায় মো. আইয়ুবকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, এই হত্যাকাণ্ডের নেপথ্যে মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে তাঁর নাম উঠে এসেছে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গত ১৩ জুন রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদকে হত্যার পর থেকেই আইয়ুব দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি এলাকায় অভিযান চালায় র্যাব-৭-এর একটি দল। এ সময় তাঁর ভগ্নিপতি শাহ আলমের বাড়ি থেকে আইয়ুবকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।
এর আগে গত ১৩ জুন দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা কয়েকজন অস্ত্রধারী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটির তদন্ত ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
১১৯ বার পড়া হয়েছে