সালথায় প্রেমের বিয়ের চার মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রবিবার, ২১ জুন, ২০২৬ ৫:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলায় প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ের মাত্র চার মাসের মাথায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের যুগিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
ফরিদপুর জেলার সালথা উপজেলায় গট্টি ইউনিয়নের যুগিডাঙ্গা গ্রামে শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লাইজু আক্তার (২৪) ওই গ্রামের মুকুল মোল্যার (৩৫) স্ত্রী।
স্বামী মুকুল মোল্যা জানান, তারা দুজনই একটি শিল্প প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির সুবাদে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবে প্রায় চার মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার দাবি, দাম্পত্য জীবনে কোনো পারিবারিক বিরোধ ছিল না এবং সম্পর্ক স্বাভাবিকই ছিল।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে প্রতিবেশীরা ঘরের ভেতরে লাইজু আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১১৬ বার পড়া হয়েছে