গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
শনিবার, ২০ জুন, ২০২৬ ৪:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিম শেখ (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ হারিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহিম শেখ (১৪) উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামের বাসিন্দা এবং পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবলপ্রেমী মাহিম বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাড়ির উঠানে একটি আমগাছে কাঁচা বাঁশের সাহায্যে ব্রাজিলের পতাকা টাঙিয়েছিল। পরে বাতাসের কারণে বাঁশটি হেলে পড়লে শুক্রবার বিকেলে সে গাছে উঠে সেটি সোজা করার চেষ্টা করে।
এ সময় বাঁশটি পাশ দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে মাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহিমকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা বিদ্যুৎ লাইনের আশপাশে সতর্কতা অবলম্বনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
১১৯ বার পড়া হয়েছে