উত্তর বঙ্গোপসাগরে গভীর মেঘ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কতা
সোমবার, ৮ জুন, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসহ আশপাশের বঙ্গোপসাগর বর্তমানে বেশ উত্তাল অবস্থায় রয়েছে। সমুদ্রের ছোট-বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে বলে জানা গেছে।
গতকাল থেকে পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতির কারণে উপকূলীয় অঞ্চলে জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পটুয়াখালী, বরিশাল, খুলনা, নোয়াখালী, কক্সবাজারসহ দেশের মোট ১১টি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর ঝড়ো হাওয়ার শঙ্কায় পায়রা বন্দরসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী জানান, সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় বর্তমানে সব মাছধরা ট্রলার নিরাপদ অবস্থায় রয়েছে।
১৩২ বার পড়া হয়েছে