জামালপুর সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, ৭২ কি.মি. এলাকায় বাড়তি টহল
রবিবার, ৭ জুন, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারত থেকে বাংলাদেশে সম্ভাব্য পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জামালপুর সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ১৫টি বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় মোট ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল কার্যক্রম।
বিজিবির সদস্যরা দিনরাত সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন। বিশেষ করে যেকোনো ধরনের অপতৎপরতা, অবৈধ অনুপ্রবেশ এবং সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
এছাড়া সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় টহল কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বিজিবির পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে শূন্য রেখায় (Zero Line) প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হচ্ছে। এতে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হচ্ছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত জামালপুর সীমান্ত এলাকায় কোনো ধরনের পুশইন বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
২০০ বার পড়া হয়েছে