সর্বশেষ

সারাদেশ

ভৈরবে ফুটবল নিয়ে সংঘর্ষের ঘটনায় ১৫০ জনকে আসামি করে মামলা

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

শনিবার, ৬ জুন, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ। মামলায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শনিবার (৬ জুন) ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় থানা ভবন, পুলিশের গাড়ি এবং রেলওয়ের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা ভৈরব রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় পঞ্চবটী ও জগন্নাথপুর এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ চলে। ফুটবল খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ একপর্যায়ে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে ৮ জন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পাঁচ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে অন্তত ছয়টি ট্রেন বিভিন্ন স্টেশন ও পথে আটকা পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

এ সময় সংঘর্ষকারীরা স্টেশনমাস্টারের কক্ষসহ রেলওয়ের কয়েকটি স্থাপনায় ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে। প্রথমে রেলওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরে থানা-পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত ২টার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

ওসি মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন, সংঘর্ষে থানা ভবন ও পুলিশের গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে ভৈরব রেলস্টেশনের স্টেশন মাস্টার ইউসুফ মিয়া জানান, সংঘর্ষের ঘটনায় স্টেশনের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা পেলে রেলওয়ের পক্ষ থেকেও মামলা দায়ের করা হবে।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন