ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহে জনসচেতনতামূলক র্যালি
শনিবার, ৬ জুন, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) আয়োজিত এ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার। তিনি ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। তিনি বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে এডিস মশার বিস্তার রোধে নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, টায়ার এবং যেসব স্থানে বৃষ্টির পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত উদ্যোগ গ্রহণেরও প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
র্যালিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়।
২৫১ বার পড়া হয়েছে